আগামীকাল থেকে দেশব্যাপী জরুরি হামের টিকাদান কর্মসূচি
মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিশেষ টিকাদান কর্মসূচি আগামীকাল ৫ এপ্রিল (রবিবার) থেকে শুরু হতে যাচ্ছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সরকারের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একইসঙ্গে শিশুদের জীবন রক্ষায় এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে হামের টিকা প্রদান করা হবে। নিকটস্থ সরকারি টিকাদান কেন্দ্রগুলোতে এই সেবা পাওয়া যাবে।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে বলেন, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাবের কারণে যে অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা সেবা ও টিকাদান কর্মসূচি শুরু করার জন্য তারা সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ড্যাব নেতৃবৃন্দ আতঙ্কিত না হয়ে বৈজ্ঞানিক উপায়ে পরিস্থিতি মোকাবিলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।
শিশু মৃত্যুর হার কমাতে নির্দিষ্ট বয়সী প্রতিটি শিশুকে অবশ্যই টিকার আওতায় আনতে হবে। লক্ষণ দেখা দিলে করণীয়: শিশুর শরীরে হামের লক্ষণ প্রকাশ পেলে ঘাবড়ে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করতে হবে যাতে ভাইরাসটি ছড়িয়ে না পড়ে। শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ড্যাব নেতৃবৃন্দ মনে করেন, হামের প্রাদুর্ভাব রুখতে সরকারের নেওয়া পদক্ষেপসমূহে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। যেকোনো গুজব বা আতঙ্কে কান না দিয়ে সঠিক সময়ে টিকা গ্রহণ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

