ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন: সদস্য পদে প্রার্থী হয়ে চমক সৃষ্টি করছেন চন্দ্রগঞ্জের জহিরুল ইসলাম
মেহেরাজ হোসেন : চন্দ্রগঞ্জ প্রতিনিধি
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আসন্ন নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়ে ব্যাপক আলোচনায় এসেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তরুণ এই আইনজীবীর প্রার্থিতা কেন্দ্র করে সাধারণ আইনজীবীদের মাঝে এক নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।
সততা ও সাহসিকতার জন্য ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন জহিরুল ইসলাম। জুনিয়র ও সিনিয়র উভয় শ্রেণির আইনজীবীদের কাছে তিনি এক আস্থার নাম। দীর্ঘ সময় ধরে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনজীবীদের পেশাগত অধিকার রক্ষায় রাজপথে ও সাংগঠনিক পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
নির্বাচনী বিশ্লেষকদের মতে, ঢাকা বারের বর্তমান প্রেক্ষাপটে সৎ, যোগ্য ও নির্ভীক নেতৃত্বের যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, জহিরুল ইসলাম সেখানে এক ইতিবাচক পরিবর্তনের নাম। বিশেষ করে তরুণ প্রজন্মের আইনজীবীদের মাঝে তার গ্রহণযোগ্যতা লক্ষ্যণীয়।
সমর্থকরা বলছেন “আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ আইনজীবীদের পাশে দাঁড়াবেন। চন্দ্রগঞ্জের এই মেধাবী মুখ সেই পরিবর্তনের প্রতীক হতে পারেন।”
নিজের প্রার্থিতা প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, “আমি কোনো পদ বা পদের মোহে নয়, বরং আইনজীবীদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। নির্বাচিত হলে সাধারণ আইনজীবীদের অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি বারের সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবো।”
চন্দ্রগঞ্জের সাধারণ মানুষ এবং ঢাকা বারের ভোটারদের একাংশ মনে করছেন, জহিরুল ইসলামের মতো একজন দক্ষ ও নীতিবান প্রার্থী জয়ী হলে ঢাকা আইনজীবী সমিতির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। পরিবর্তনের লক্ষ্যে মেধা ও সততাকে বেছে নেওয়ার এখনই সময় বলে মনে করছেন তারা।

