বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: এলাকা জুড়ে উত্তেজনা
মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি
খুলনার খালিশপুরে নিজের দোকানে ঢুকে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সোনা মিয়া সরদার (৩৮)। তিনি খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক ছিলেন।
শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দোকান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

