লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পারিবারিক কলহের জেরে আত্মহত্যা
মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মাইমুনা আক্তার, যিনি আমেরিকা প্রবাসী মোহাম্মদ তুসারের স্ত্রী। জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডে অবস্থিত ‘আমিরাত টাওয়ারের’ ৫ম তলায় ওই দম্পতি বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাইমুনা আক্তার ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাজারের ব্যস্ততম এলাকার একটি বহুতল ভবনে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, দীর্ঘদিন ধরে চলা মানষিক চাপের কারণেই মাইমুনা এই চরম পথ বেছে নিয়েছেন।
এই ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

