লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় মাদকবিরোধী অভিযানে আহত স্বেচ্ছাসেবকদল নেতা
মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর-৩ আসনের নির্বাচনী প্রচারণার অন্যতম সক্রিয় সদস্য এবং ১১নং হাজিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজ এক মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রমতে, চন্দ্রগঞ্জ থানাধীন এলাকায় একটি মাদকবিরোধী অভিযান চলাকালীন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের ধাওয়া করতে গিয়ে মোঃ পারভেজ দুর্ঘটনার শিকার হন। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে তিনি পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, পারভেজের আঘাত বেশ গুরুতর। আগামী শনিবার (১১ এপ্রিল, ২০২৬) তার পায়ে একটি অস্ত্রোপচার (Operation) সম্পন্ন করা হবে। বর্তমানে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, পারভেজ দীর্ঘকাল ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিশেষ করে জাতীয়তাবাদী দলের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।
লক্ষ্মীপুর সদর-৩ আসনের জনপ্রিয় নেতা এবং বর্তমান সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ব্যক্তিগতভাবে এই ঘটনার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি আহত পারভেজের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
স্থানীয়দের প্রশ্ন—
মাদকের বিরুদ্ধে কথা বললেই কি এভাবেই মূল্য দিতে হবে?
এলাকাবাসী দ্রুত মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান এবং দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।

