লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু ১৮ এপ্রিল: দালাল চক্র থেকে সাবধান থাকার নির্দেশ
মোঃ ফজলে এলাহী : নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে জনবল নিয়োগের প্রাথমিক বাছাই প্রক্রিয়া আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই বাছাই কার্যক্রম চলবে ২০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ০৮:০০ ঘটিকা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বচ্ছ নিয়োগ ও জেলা পুলিশের কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে লক্ষ্মীপুর জেলা পুলিশ বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশ সুপার মোঃ আবু তারেক এক নির্দেশনায় জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনৈতিক পন্থা অবলম্বন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ তাৎক্ষণিক বাতিলসহ তাকে গ্রেফতার করা হবে।
নিয়োগকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র বা দালাল যেন সাধারণ প্রার্থীদের বিভ্রান্ত করতে না পারে, সেজন্য জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নির্দেশনায় বলা হয়েছে: কনস্টেবল নিয়োগে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। নিয়োগের শতভাগ যোগ্যতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হবে। যদি কোনো ব্যক্তি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তবে সাথে সাথে পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে সরাসরি পুলিশ সুপার, লক্ষ্মীপুর অথবা লক্ষ্মীপুর জেলা পুলিশ কন্ট্রোলরুমের ০১৩২০-১১২৮৯৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রার্থীদের জন্য পরামর্শ ক্রমে জানানো হয়, যোগ্য প্রার্থীদের কোনো প্রকার মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে যে, যোগ্যতার ভিত্তিতেই উপযুক্ত প্রার্থীগণ বাংলাদেশ পুলিশে সেবার সুযোগ পাবেন।

