ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রোববার সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে জাইমা রহমানের ছবি সংবলিত মগ দেওয়া হয়।
একই দিন আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষ এ সেবা পেয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।