বগুড়ায় পৈতৃক জমিতে নির্মাণাধীন বাড়ি দখলচেষ্টা, নির্মাণকাজে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চেয়েছেন রোকসানা খানম। রোববার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, জহুরুল ইসলাম খান সজলসহ কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রোকসানা বলেন, মালগ্রাম মৌজার ১২৭৬ নম্বর দাগে পরিবারের জমিতে অনুমোদিত নকশা অনুযায়ী বাড়ি নির্মাণ শুরু করার পর থেকে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। গত ১৪ অক্টোবর নির্মাণকাজ বন্ধ করতে এসে তাঁর ওপর হামলা ও সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

রোকসানার মূল দাবি, জমি নিয়ে বিরোধের নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।