বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে ১৮ বছর বয়সী এক তরুণীকে গাড়িতে তোলাকে কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সোমবার আদালত থেকে নিজ জিম্মায় মুক্তির আদেশ পাওয়ার পর এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে তরুণীকে থানায় নিয়ে যায় বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জিআর-৮৪/২৬ মামলার ভুক্তভোগী মোছা. তাসনিয়া রানা (১৮) সাবেক পুলিশ কনস্টেবল রানা মাসুদের মেয়ে। আদালত থেকে নিজ জিম্মায় মুক্তির আদেশ পাওয়ার পর তিনি নিজের ইচ্ছায় গন্তব্যের উদ্দেশে রওনা হন বলে জানা গেছে।
এ সময় আদালতের ফটকে তাঁর বাবা-মা ও তাঁদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি একটি কালো রঙের হাইস গাড়িতে তাঁকে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তরুণী সড়কে পড়ে চিৎকার করতে থাকেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে তরুণীকে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি আদালত চত্বরে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে তরুণীকে থানায় নেওয়ার পর তাঁর বক্তব্য, পরবর্তী পরিস্থিতি এবং এ ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।