বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া দক্ষিণপাড়া (মণ্ডলপাড়া) গ্রামের একটি পুকুর থেকে বিপুল মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘোপাড়া দক্ষিণপাড়া গ্রামের মশিউর রহমান ফাহিনের পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় রংপুরের এক ক্ষেতমজুর পানিতে উপুড় অবস্থায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানান। পরে স্থানীয় বাসিন্দারা বগুড়া সদর থানায় খবর দেন।

খবর পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে গ্রাম পুলিশ আব্দুল মান্নান ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিপুল মিয়া বাঘোপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাহিদুর রহমানের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, বাঘোপাড়া মণ্ডলপাড়ার একটি পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ও চিকিৎসকের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধারের সময় গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম মিলন, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।