চন্দ্রগঞ্জের রাজনীতিতে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে খেলার সূত্র ধরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও সাধারণ মানুষের ওপর হামলার কারণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ধন্যপুর গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৩১ মে) রাত ১০টা ৩০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের মিন্নত আলী হাজী বাড়ির সামনে একদল কিশোর আচমকা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে ককটেল ফেটে উঠলে ওই বাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং কিশোরদের এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।
এলাকাবাসীর অভিযোগ, ইসলাম হাজী বাড়ির মঈন এবং জয়নাল হাজারীর প্রত্যক্ষ নেতৃত্বে এই কিশোর গ্যাংয়ের দলটি মিন্নত আলী হাজী বাড়িতে তাণ্ডব চালায়। খেলার মাঠের বিরোধকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত হলেও এর পেছনে স্থানীয় রাজনৈতিক প্রভাব ও কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারের চেষ্টা কাজ করছে বলে স্থানীয়দের ধারণা।
সংঘর্ষ ও হামলার ঘটনায় উভয় পক্ষের বেল্লাল, ফজল করিম ও হাসিবসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা মালেক নামের এক বিএনপি কর্মীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করে। পরে তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এলাকায় কিশোর গ্যাংয়ের এই তাণ্ডবের সাথে কোনো রাজনৈতিক যোগসূত্র বা উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার পর থেকে ধন্যপুর গ্রাম ও চন্দ্রগঞ্জের আশপাশ এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর কিশোরদের দলবদ্ধ আনাগোনা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মিন্নত আলী হাজী বাড়িতে হামলার ঘটনায় জড়িত কিশোরদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

