ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জালিয়াতি করে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের কমিটি গঠন: আদালতে মামলা, বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর।
মে ২০, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

জালিয়াতি করে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের কমিটি গঠন: আদালতে মামলা, বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ

​নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুর জেলার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কফিল উদ্দিন ডিগ্রি কলেজের (বিশ্ববিদ্যালয় কলেজ) গভর্নিং বডির নতুন কমিটি গঠন নিয়ে চরম অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এই জালিয়াতির বিরুদ্ধে লক্ষ্মীপুরের যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১৮ জন বিবাদীর বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছেন।

​কলেজ সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, কফিল উদ্দিন ডিগ্রি কলেজের পূর্ববর্তী গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি অনুমোদনের জন্য গত ১২ এপ্রিল, ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর আবেদন করে কলেজ কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে গত ৩ মে, ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি পদে মোঃ ওয়াহিদ উদ্দীন চৌধুরী এবং বিদ্যোৎসাহী সদস্য পদে মোহাম্মদ মনির হোসেনের নাম ঘোষণা করা হয়।
​তবে এই কমিটি গঠন নিয়ে তীব্র ক্ষোভ ও দ্বিমত পোষণ করেছেন কমিটিতে স্থান না পাওয়া শিক্ষক ও স্থানীয় সদস্যগণ। মামলার বাদী ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুর রহমান অভিযোগ করেন, সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

​অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১ এপ্রিল, ২০২৬ তারিখে একটি ভুয়া শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেখিয়ে সহকারী অধ্যাপক কমল কুমার, এনাম আহমদ ও জান্নাত আরাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই ভুয়া নির্বাচনের কাগজপত্র যুক্ত করে ১২ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ মে তা অনুমোদন দেয়। অথচ নজিরবিহীন বিষয় হলো, নতুন কমিটি অনুমোদিত হওয়ার পর গত ১১ মে, ২০২৬ তারিখে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচন কমিশনার প্রিয়ব্রত চৌধুরী লোকদেখানো ও পাতানো শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং আগামী ২০ মে, ২০২৬ তারিখে ভোটগ্রহণের দিন ধার্য করেন। কাগজে-কলমে আগেই নির্বাচন দেখিয়ে কমিটি অনুমোদন করিয়ে নেওয়ার পর বাস্তবে আবার নতুন করে নির্বাচনের এই নাটক সাজানোকে ‘পরস্পরবিরোধী, বেআইনি ও প্রতারণামূলক’ বলে উল্লেখ করা হয়েছে মামলাটিতে।

​মামলার বাদী সহকারী অধ্যাপক মোঃ আবদুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচন কমিশনার প্রিয়ব্রত চৌধুরী এবং নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ উদ্দিন চৌধুরীসহ মোট ১৮ জনকে বিবাদী করেছেন। বিবাদীদের মধ্যে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্যবৃন্দ।

​আদালতের নির্দেশনা: মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, লক্ষ্মীপুর বিবাদীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দিয়েছেন।

​১৯৭২ সালে প্রতিষ্ঠিত কফিল উদ্দিন ডিগ্রি কলেজটি টানা তিনবার লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গৌরব অর্জন করেছে। বৃহত্তর নোয়াখালীর অন্যতম শীর্ষ এই শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি নিয়ে এমন নজিরবিহীন জালিয়াতির খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সুধীসমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাশাপাশি, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে কলেজের লক্ষ লক্ষ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ নিয়েও সামাজিক মাধ্যমে ব্যপক গুঞ্জন ও সমালোচনা চলছে। সচেতন মহল মনে করছেন, দ্রুত এই সংকটের সুষ্ঠু সমাধান না হলে শিক্ষার আলো ছড়ানো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।