চন্দ্রগঞ্জে অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মোঃ হাবিবুর রহমান মোল্লা : নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি অপহরণ মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ওরফে লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল ২০২৬) চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম দেওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ির সামনে থেকেই জাহাঙ্গীর আলম লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। লিটন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, একটি অপহরণ মামলায় বিজ্ঞ আদালত জাহাঙ্গীর আলমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ছাড়া গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এলাকায় শীর্ষ মাদক ব্যবসার সাথে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের এই তৎপরতা একটি নিয়মিত প্রক্রিয়া। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

