স্কুলে ক্লাস চলাকালে ছাদের বিম ধসে শিক্ষার্থীরা আহত
মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের একটি বিম ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের একটি পুরনো ভবনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্কুল সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিদ্যালয়ের একটি নির্দিষ্ট কক্ষে অষ্টম শ্রেণির পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের ভিমের একটি অংশ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এবং বিমের আঘাতে অন্তত ৫-৬ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা কিছুটা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর পরই সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক স্কুলে এসে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, ভবনটি দীর্ঘদিনের পুরনো এবং জরাজীর্ণ অবস্থায় ছিল। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভবনটির অবস্থা যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তা আগে থেকে বোঝা যায়নি। তবে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ওই ভবনে ক্লাস নেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রকৌশলী পাঠিয়ে ভবনের অবস্থা পরীক্ষা করা হবে এবং ভবনটি পরিত্যক্ত ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

