ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে নতুন উপজেলা ‘চন্দ্রগঞ্জ’ এর চূড়ান্ত গেজেট প্রকাশ

Link Copied!

লক্ষ্মীপুরে নতুন উপজেলা ‘চন্দ্রগঞ্জ’ এর চূড়ান্ত গেজেট প্রকাশ

মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।

​লক্ষ্মীপুর জেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। লক্ষ্মীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত হলো জেলার নতুন উপজেলা ‘চন্দ্রগঞ্জ’। সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

​মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব (সমন্বয়) মোহাম্মদ খালেদ হাসান। এই ঘোষণার পর থেকে চন্দ্রগঞ্জসহ গোটা জেলাজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

​লক্ষ্মীপুর সদর উপজেলার অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ৯টি ইউনিয়নকে ভেঙে এই নতুন উপজেলার আওতাভুক্ত করা হয়েছে। ইউনিয়নগুলো হলো: ১. বশিকপুর, ২. দত্তপাড়া, ৩. উত্তর জয়পুর, ৪. চন্দ্রগঞ্জ, ৫. হাজিরপাড়া, ৬. চরশাহী, ৭. দিঘলী, ৮. মান্দারী, ৯. কুশখালী।

গেজেটের তথ্য অনুযায়ী, নবগঠিত ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রধান প্রশাসনিক কেন্দ্র বা সদর দফতর স্থাপিত হবে চন্দ্রগঞ্জ ১২১ নং মটবী মৌজা এবং ১৫৬ নং চরচামিতা মৌজায়।

​নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রাথমিক পর্যায়ে ২৪টি সরকারি দপ্তরের সেট-আপ অনুমোদন করা হয়েছে। এসব দপ্তরে মোট ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে ৪০ জন কর্মকর্তা এবং ১৯৮ জন কর্মচারী থাকবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও অবকাঠামো প্রস্তুতের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

​চন্দ্রগঞ্জকে পূর্ণাঙ্গ উপজেলা করায় লক্ষ্মীপুর সদর উপজেলার ওপর থেকে যেমন প্রশাসনিক চাপ কমবে, তেমনি এই অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষের নাগরিক ভোগান্তি দূর হবে।

​স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মতে, নতুন এই উপজেলা গঠনের ফলে এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নয়ন ঘটবে। একই সাথে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান দ্রুত বৃদ্ধি পাবে। নতুন উপজেলাকে ঘিরে এখন উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে চন্দ্রগঞ্জবাসী।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।