লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)
“ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ”—এই অঙ্গীকারকে সামনে রেখে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ২০ মে (বুধবার) সকাল ১০টায় চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এই সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সিসিএস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আবুল হাসান সহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী। সিসিএস-এর জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মোরশেদ আলম। এছাড়া অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুমধু চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় থানা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী বলেন, “আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভোক্তা। প্রতিদিন খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহনসহ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে ভোক্তা অধিকার মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করে।” তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম আইনগত বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “ভোক্তা হিসেবে আমাদের নিজেদেরই সবার আগে সচেতন হতে হবে। সচেতনতার অভাব থাকলে আমাদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল জানান, ভোক্তা অধিকার ও সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সিসিএস সক্রিয় ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী। তারা শিক্ষার্থীদের সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীর হাতে সিসিএস-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, ভোক্তারা নিজেরা সচেতন হলে সিন্ডিকেট ব্যবসায়ীদের সব ধরনের অনিয়ম ও কারসাজি বন্ধ করা সম্ভব হবে।

