তুচ্ছ ঘটনা থেকে রক্তাক্ত হামলার: চন্দ্রগঞ্জে বাইক ওভারটেকিং নিয়ে যুবককে পিটিয়ে গুরুত্বর জখম
নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বাইক ওভারটেকিংয়ের মতো সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে নাজিম উদ্দিন নামে এক যুবককে নৃসংশভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত নাজিম উদ্দিন রবি কোম্পানিতে কর্মরত এবং চরশাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার দিন বসুরহাট বাজার এলাকায় বাইক ওভারটেকিং করা নিয়ে নাজিম উদ্দিনের সাথে জনৈক এক ব্যক্তির সামান্য বাকবিতণ্ডা হয়। রাস্তাঘাটে চলাচলের পথে এ ধরনের সাধারণ তর্কের ঘটনা অহরহ ঘটলেও, সেখানে হুট করেই মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আবির্ভূত হন চরশাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো: আমির হোসেন।
অভিযোগ উঠেছে, কোনো কিছু না বুঝেই আমির হোসেন ওই বিরোধে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন। উপস্থিত লোকজনকে হতবাক করে দিয়ে তিনি কাছে থাকা মাছের ভারী ক্যারেট দিয়ে নাজিম উদ্দিনের ওপর অতর্কিত ও উপর্যুপরি হামলা চালান। হামলায় নাজিম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত নাজিমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নাজিম উদ্দিন বলেন, “সামান্য কথা কাটাকাটি থেকে একজন মানুষ এভাবে মাছের ক্যারেট দিয়ে পিটিয়ে আমায় মেরে ফেলার চেষ্টা করবে, তা কল্পনাও করিনি।”
তুচ্ছ ঘটনায় এভাবে আইন হাতে তুলে নেওয়া এবং বর্বরোচিত হামলা চালানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী নাজিম উদ্দিন ও তার পরিবার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারী আমির হোসেনের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

