নোয়াখালীর চাটখিল উপজেলায় হঠাৎ করেই বিভিন্ন মসজিদের দানবাক্সের টাকা চুরির ঘটনা বেড়ে গেছে। গত এক মাসে উপজেলার প্রায় ১৫ থেকে ২০টি মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
সর্বশেষ গত ২২ অক্টোবর রাতে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার সমর উদ্দিন তাফাদার বাড়ি জামে মসজিদের দানবাক্সের তালা হ্যাকসো ব্লেড দিয়ে কেটে টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের ধারণা, মাদক ও জুয়ায় জড়িত ব্যক্তিরা এসব চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। তবে চুরির সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, অনেক সময় বিভিন্ন স্থানে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের স্থানীয়রা আটক করলেও মারধর করে ছেড়ে দেন। এতে তারা আইনের আওতায় না এসে অন্যত্র গিয়ে আবারও চুরির ঘটনা ঘটায়।
চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করার এবং প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

