লক্ষ্মীপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মৃত্যু
মোঃ ইসমাইল হোসেন : জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফরহাদ (১৭) নামের এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের কালিবাজার রোডের সাহাপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফরহাদ কালিবাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। সাহাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরহাদ গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন পাটোয়ারী বাড়ির মো. মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ”দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

