টঙ্গী বাজারের ‘সুরঙ্গ’ এখন সন্ত্রাসের ঘাঁটি! মৃত্যুর মুখ থেকে ফিরলেন ফায়ার সার্ভিস সদস্য
মাইদুল ইসলাম মিরাজ: নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী বাজার এলাকার কুখ্যাত ‘সুরঙ্গ’ এখন যেন প্রকাশ্যেই সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিনের আলোতেও যেখানে সাধারণ মানুষ নিরাপদ নয়, সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।
সর্বশেষ ঘটনায় এক ফায়ার সার্ভিস সদস্য নির্মম হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সুরঙ্গ এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তিনি গুরুতর বিপদের মুখে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি—যা পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সুরঙ্গ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও যেন দেখার কেউ নেই। অপরাধীরা দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি চোখে পড়ে না।
এলাকাবাসীর ভাষায়, “এটা আর সুরঙ্গ না, এটা এখন অপরাধীদের রাজত্ব!” প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এমন পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে ওই এলাকাকে অপরাধমুক্ত ঘোষণা করে বিশেষ অভিযান চালাতে হবে, নইলে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

